প্রয়োজনে রেস্টরেটিভ জাস্টিসের আইন: মন্ত্রী
বাংলাদেশে রেস্টরেটিভ জাস্টিস পদ্ধতি চালুর পক্ষে অবস্থান জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রয়োজনে এর জন্য আইন প্রণয়ন করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘রেস্টরেটিভ জাস্টিস: ফ্রম ক্রাইম প্রিভেনশন টু কনফ্লিক্ট ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এই সম্মেলন এমন সময়ে হচ্ছে, যখন বিচার বিভাগের কাঁধে বিপুল পরিমাণ দেওয়ানি ও ফৌজদারি মামলাজট রয়েছে।
“সরকার এই জট কমাতে চায়। আমাদের লক্ষ্য হচ্ছে, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও সম্মান বৃদ্ধি করা। এর অর্থ হচ্ছে, আমাদেরকে বিকল্প উপায়ের দিকে দৃষ্টি দিতে হবে। এর কারণ এটা নয় যে, বর্তমান পদ্ধতি ব্যর্থ হয়ে গেছে বরং সময়ই বদলে গেছে।
“মামলার জন্য দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় যেতে জনগণকে অনুৎসাহিত করা-উন্নত বিশ্বে এটা প্র্রতিষ্ঠিত প্রথা হয়ে গেছে। রেস্টরেটিভ জাস্টিস, দণ্ড প্রদানের নীতি, আর্টিটেশন, মেডিয়েশনের মতো আইডিয়াগুলোর মাধ্যমে সমস্যা সমাধানে উৎসাহ দেওয়া হয়।”
বাংলাদেশে এই পদ্ধতি যুক্ত করতে এই সম্মেলন গতি সঞ্চার করবে মন্তব্য করে তিনি বলেন, “আমি এটা নিশ্চিত করতে পারি, যখনই প্রয়োজন হবে, আমাদের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই ধারণাকে আইনসম্মত করতে প্রয়োজন হলে যথাযথ আইন প্রণয়ন করা হবে।”
‘রেস্টরেটিভ জাস্টিস’ হলো সমাজে সংঘটিত ‘ক্ষতিকর ঘটনার’ মীমাংসার একটি প্রক্রিয়া, যেখানে অপরাধীকে শাস্তির বদলে বাদীপক্ষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া হয়।
এ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত, অভিযুক্ত এবং কমিউনিটির সদস্যরা অংশগহণ করেন। একজন সহায়কের মাধ্যমে অংশীজনেরা ঘটনার নিষ্পত্তিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জার্মান সাহায্য সংস্থা জিআইজেড, ব্রিটিশ সংস্থা ইউকেএইড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
জিআইজেড বাংলাদেশের ‘রুল অব ল’র প্রোগ্রাম প্রধান প্রমিতা সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেস্টরেটিভ জাস্টিস বিশেষজ্ঞ জন ব্রেইথওয়েট, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, ডিএফআইডির সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার রিচার্ড বাটারওর্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টরেটিভ জাস্টিস প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক মো. নুরুল ইসলাম প্রমুখ।
