স্ত্রী-পুত্র হত্যায় গৃহকর্তা রিমান্ডে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্ত্রী ও শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যার প্রধান আসামি ইকবাল হোসেন রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শায়লা শারমিন এ আদেশ দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই মো. নিজামউদ্দিন ভূইয়া।
এর আগে পুলিশ রাসেলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করলে আদালত দুইদিন মঞ্জুর করে বলে জানান তিনি।
মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এসআই জানান, গত ২০ জুন ফরিদগঞ্জ উপজেলার আদশা গ্রামে যৌতুকের কারণে কলহের জেরে স্ত্রী ফাতেমা বেগম ও ১০ মাসের সন্তান ফুয়াদকে আগুনে পুড়িয়ে হত্যা করে ইকবাল।
এতে ইকবালসহ মোট নয় জনকে আসামি করে ফাতেমার ভাই মনির হোসেন মামলা করেন বলে ওসি জানান।
