২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সি-ম্যানদের পরিচয়পত্র বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি

সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে নাবিকদের দেওয়া পরিচয়পত্র (সিম্যান আইডি বুক) বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছে বাংলাদেশ সি ফেয়ারার্স আইডি হোল্ডারস অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 07:27 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

২০০৪ সাল থেকে বিদেশি জাহাজে চাকরি করার জন্য ‘দক্ষতার ভিত্তিতে’ বিদেশি জাহজে কর্মরত নাবিকদের পরিচয়পত্র (সিম্যান আইডি বুক) দিয়ে আসছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন সমুদ্র পরিবহন অধিদপ্তর।

গত ১২ অগাস্ট নৌ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে ২৮ শ’ পরিচয়পত্র (সিম্যান আইডি বুক) বাতিল এবং এসব পরিচয়পত্র নবায়ন না করার সাথে এ ধরনের পরিচয়পত্র নতুন করে আর না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম চৌধুরী বলেন, “সরকারের দেওয়া পরিচয়পত্র (সিম্যান আইডি বুক) ব্যবহার করে আমরা ২৮০০ জন নাবিক বিদেশি জাহাজে কাজ করে দেশে বৈধ পথে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছি।

“কিন্তু আমাদের না জানিয়ে সরকার আমাদের আইডিগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় আমাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই নাবিকদের পরিচয়পত্র বাতিলের এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে আসা ভুক্তভোগী মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ২০০৮ সাল থেকে রেড সী মেরিন সার্ভিস নামের একটি বিদেশি জাহাজের কোম্পানিতে কাজ করছি।

“আমার প্রতিষ্ঠান আমাকে কাজে যোগ দেওয়ার জন্য বার্তা পাঠালেও পরিচয়পত্র বাতিলের কারণে কর্মস্থলে যেতে পারছি না। সরকারের এ সিদ্ধান্ত বাতিল না হলে আমরা নাবিকরা বেকার হয়ে পড়ব।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু নাছের, সদস্য মো. এমরান মো. আমজাদ, মঞ্জুরুল আলম প্রমুখ।