২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ফারুক নয়, বিএনপির ফারুক হত্যার অভিযোগপত্র

আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ নয়, বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যামামলার অভিযোগপত্র জমা পড়েছে টাঙ্গাইলের আদালতে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 05:08 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বুধবার অভিযোগপত্র জমার পর নামের বিভ্রান্তিতে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যামামলার অভিযোগপত্র জমা হওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল।

পরে দেখা যায়, এটি বিএনপি নেতা এবং দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যামামলার অভিযোগপত্র।

ভুল ধরা পড়ার পর আগের প্রতিবেদনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

টাঙ্গাইলের আওয়ামী লীগ সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ভাই ছাত্রলীগের বিগত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সানিয়াত খান বাপ্পার নাম রফিকুল ইসলাম ফারুক হত্যামামলার অভিযোগপত্রে রয়েছে, যিনি আওয়ামী লীগ নেতা ফারুক হত্যাকাণ্ডেও সন্দেহভাজন।

আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় তদন্তে নাম আসার পর থেকে বাপ্পা পলাতক বলে মামলার তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি দেশ ছেড়েছেন।

বিএনপি নেতা ফারুককে ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে শহরের আকুরটাকুর বটতলা বাজারে সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করেছিল।

ওই বছরের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজ পাড়ার বাসার সামনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে।

রফিকুল ইসলাম ফারুক হত্যামামলায় বাপ্পাসহ মোট আটজনকে আসামি করে মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে তদন্ত কর্মকর্তা অশোক জানিয়েছেন।

অন্য আসামিরা হলেন- শাহজাহান মিয়া, শফিকুর রহমান, সঞ্জিত ঘোষ, আজাদ ফকির, সুজন, ছানোয়ার ও রুজভেল্ট।

এদের মধ্যে শাহজাহান মিয়া, সুজন ও ছানোয়ার কারাগারে আছেন। শফিকুর রহমান গ্রেপ্তারের পর জামিন নিয়ে পলাতক রয়েছে। অন্য তিনজনকে এখনও ধরতে পারেনি পুলিশ।

ফারুক হত্যাকাণ্ডের পর তার ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত করে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের কাউকে আসামি করেনি।

Image
রফিকুল ইসলাম ফারুক হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন (ফাইল ছবি)

রফিকুল ইসলাম ফারুক হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন (ফাইল ছবি)

ডিবির এসআই অশোক সাংবাদিকদের বলেন, “১১ আসামির কারও হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। বাদী পূর্ব শত্রুতার জের ধরে সন্দেহজনকভাবে তাদের আসামি করেছিলেন।”

বাপ্পার দেহরক্ষী শাহজাহান মিয়া এবং তার দুই সহযোগী সুজন ও ছানোয়ারকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয় বলে জানান তিনি।

অশোক বলেন, “অভিযুক্ত তিনজন জবানবন্দিতে বলেছেন, হত্যাকাণ্ডের সপ্তাহ খানেক আগে তাদের নিয়ে জেলা ছাত্রলীগ অফিসের ছাদে এবং নিজের বাসার ছাদে একাধিক বৈঠক করেন বাপ্পা। ফারুককে হত্যা করতে যারা গিয়েছিল, তাদের ৫ লাখ টাকা দিয়েছিলেন তিনি।”

সব আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যায় অংশ নেওয়া এবং সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। বাপ্পার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র এবং প্ররোচনার অভিযোগও আনা হয়েছে।

আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার তদন্তে বাপ্পার ভাই সংসদ সদস্য রানা এবং তাদের আরও দুই ভাই টাঙ্গাইল পোরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও জাহিদুর রহমান খান কাঁকনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

রানাদের চাচা শামসুর রহমান খান শাহজাহান আওয়ামী লীগের নেতা ছিলেন। তার মৃত্যুর পর ভাস্তেরা আওয়ামী লীগের নেতৃত্বে আসেন। রানা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য।

ফারুক আহমেদ হত্যাকাণ্ডে গ্রেপ্তার খান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আনিসুল ইসলাম রাজা এবং মোহাম্মদ আলী গত বছর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রানাদের চার ভাইকে জড়িয়ে বক্তব্য দেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এরপর রানা ও মুক্তি এই মামলায় আগাম জামিন নিতে উচ্চ আদালতেও যান। তখন তাদের গ্রেপ্তার ও হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয় আদালত।