পটুয়াখালীর নিখোঁজ চিকিৎসকের সন্ধান মিলেছে
পটুয়াখালীতে নিখোঁজ চিকিৎসক মো. মাহামুদুর রহমানের সন্ধান পাওয়া গেছে।
বুধবার বিকালে ভোলা শহরের একটি আবাসিক হোটেলে তাকে পাওয়া যায় বলে জানান ওই চিকিৎসকের স্ত্রী নাসরিন নাহার ঝর্ণা ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তিনি সুস্থ আছেন। কেউ তাকে অপহরণ বা আটকে রাখেনি। পরিবারের কাউকে কিছু না জানিয়েই মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি স্বেচ্ছায় ভোলায় চলে যান।”
পারিবারিক কলহের জের ধরে মাহামুদুর রহমান আত্মগোপন করেন বলে জানান সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম।
মঙ্গলবার গভীর রাতে শহরের একটি ক্লিনিকে অপারেশন শেষে আরেক ক্লিনিকে যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মাহামুদুর রহমান দীর্ঘদিন ধরে পটুয়াখালী জেনারেল হাসাপাতালের স্ত্রীরোগ বিভাগের সিনিয়র কনস্যালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৮ অগাস্ট তিনি পটুয়াখালী মেডিকেল কলেজে স্ত্রীরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন।
