২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী

ভারতের রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্যে অংশ নিয়ে সংক্ষিপ্ত সফর শেষে ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 07:15 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

পুরনো খবর:

শুভ্রা মুখোপাধ্যায়ের প্রতি প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা
শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে যোগ দিতে দিল্লিতে হাসিনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি থেকে বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে অংশ নিতে সকালে ঢাকা থেকে দিল্লি পৌঁছান শেখ হাসিনা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

দিল্লি পৌঁছে শেখ হাসিনা সরাসরি ভারতের রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ সময় উপস্থিত ছিলেন।

Image
দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

রাষ্ট্রপতি ভবন থেকে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনা যান তাল কাটরা রোডে। সেখানে শুভ্রা মুখোপাধ্যায়ের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

পরে সেখান থেকে যান লোধি রোড শ্মশানে। সেখানেই শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্য হয়।

প্রধানমন্ত্রী সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, বিজেপির জ্যেষ্ঠ নেতা এলকে আদভানি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, শেষকৃত্যে যোগ দেওয়ার পর শেখ হাসিনা রেস কোর্স রোডে ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান। সেখানে বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী।   

দুপুরের পর হোটেল তাজ প্যালেসে কিছু সময় বিশ্রাম নিয়ে প্রধানমন্ত্রী বিকালে আবার ঢাকার পথে রওনা হন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলও এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।