শুভ্রা মুখোপাধ্যায়ের প্রতি প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে তিনি নয়া দিল্লীর ১৩ তাল কাটরা রোডে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে যান।
সেখানে তিনি শুভ্রা মুখোপাধ্যায়ের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
বাংলাদেশের মেয়ে শুভ্রা মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে শুভ্রার বিয়ে হয় ১৯৫৭ সালে। এই পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে।
শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে অংশ নিতে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
দিল্লি পৌঁছে শেখ হাসিনা সরাসরি ভারতের রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ভবন থেকে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনা যান তাল কাটরা রোডে। সেখানে শুভ্রা মুখোপাধ্যায়ের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
পরে সেখান থেকে যান লোধি রোড শ্মশানে। সেখানেই শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্য হয়।
প্রধানমন্ত্রী সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, বিজেপির জ্যেষ্ঠ নেতা এলকে আদভানি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
প্রেস সচিব জানান, শেষকৃত্যে যোগ দেওয়ার পর শেখ হাসিনা রেস কোর্স রোডে ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান। সেখানে বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
দুপুরের পর হোটেল তাজ প্যালেসে কিছু সময় বিশ্রাম নিয়ে প্রধানমন্ত্রী বিকাল ৩টায় আবার ঢাকার পথে রওনা হবেন বলে তার প্রেস সচিব জানান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলও এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
শুভ্রার বাবা অমরেন্দ্র ঘোষের আদি বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে। পাঁচ বছর বয়স পর্যন্ত সেখানেই কাটিয়েছেন শুভ্রা।
এরপর তিনি নানা বাড়ি বসবাস শুরু করেন এবং স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত চলে যান তিনি। তবে শুভ্রার এক ভাই এখনও ভদ্রবিলা গ্রামে রয়েছেন।
প্রণব ও শুভ্রার দুই ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ও সুরজিৎ মুখোপাধ্যায় এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
