ডেমরায় গ্যাস লাইনে আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
রাজধানীর ডেমরার সারুলিয়ায় গ্যাস লাইনের আগুনে দগ্ধ শিশু আরিয়ান (১২) মারা গেছে।
সোমবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই ঘটনায় আহত দ্বীন ইসলাম হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার দুপুরে সারুলিয়ার পশ্চিম বক্সনগর কাসেমের দোতলার বাড়ি নিচতলায় গেইটের সামনে গ্যাসের লাইনে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে দ্বীন ইসলাম ও আরিয়ান আহত হয়।
দুজনের পরিবার ওই বাড়িতে ভাড়া থাকেন।
আহত দুই শিশুকে তাদের পরিবার হাসপাতালে নিয়ে আসেন।
আরিয়ানের শরীরে ৯৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান পুলিশ কর্মকর্তা সেন্টু।
আরিয়ান স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
