সংবিধান ছাপানোর যন্ত্রটি থাকবে জাতীয় জাদুঘরে
স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান প্রকাশের মুদ্রণ যন্ত্রটি বাংলাদেশ গভর্নমেন্ট (বিজি) প্রেস থেকে জাতীয় জাদুঘরে স্থানান্তর হয়েছে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যন্ত্রটি হস্তান্তরে চুক্তি সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মানজুরুল হক এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “এই মেশিনকে শুধু একটা লোহালক্কড়ের স্তূপ হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এটা ইতিহাসের অংশ।”
স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান ছাপানো এই মেশিনটি জাদুঘরে নেওয়া হলে নতুন প্রজন্ম অনেক আগ্রহভরে দেখতে আসবে বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কখনও ইতিহাস লেখা হয় না। ইতিহাস লেখন একটি ধারাবাহিক প্রক্রিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এখনও লেখা হচ্ছে, অনেক তথ্য-উপাত্ত যোগ হচ্ছে। ঐতিহাসিকভাবে এই মেশিনটি খুবই চমৎকার একটি সংগ্রহ।”
১৯৭২ সালে প্রণীত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান। সেই সংবিধান ছাপানোর কাজে ব্যবহৃত যন্ত্রটির নাম ক্র্যাবট্রি ডাবল ডিমাই টো কালার অফসেট প্রেস।
১৯৫২ সালে ইংল্যান্ড থেকে আমদানি করা এই মেশিনটির তৎকালীন মূল্য ছিল ৪৪ হাজার ৮৪০ টাকা। ১৯৮৬ সাল পর্যন্ত এটি মুদ্রণ কাজে ব্যবহার করা হয়।
১৯৭২ সালে বিজি প্রেসের অফসেট শাখার প্রধান ছিলেন মীর আজহার আলী। তার নেতৃত্বে এই মেশিনে সংবিধান ছাপানোর কাজে আরও যুক্ত ছিলেন তৎকালীন অফসেট অপারেটর মো. আবু সাঈদ, মো. নিরু মিয়া ও আব্দুল মজিদ খান। তাদের মধ্যে আবু সাঈদ এখনও বেঁচে আছেন।
