পদোন্নতিতে ‘যোগ্যতা ও দক্ষতাই’ বিবেচিত হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে পদোন্নতির ক্ষেত্রে রাজনীতি নয়, শুধু ‘যোগ্যতা ও দক্ষতাই’ বিবেচনা করা হবে বলে জোর দিয়ে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার চট্টগ্রামের আগ্রাবাদের বেসরকারি ‘মা ও শিশু হাসপাতালের’ সম্প্রসারিত গাইনি বর্হিবিভাগের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “স্বাস্থ্য ও চিকিৎসায় আমি কোনো রাজনীতি করি না। আমার রাজনীতি অন্য জায়গায়। পদোন্নতির ক্ষেত্রে কে যোগ্য ও দক্ষ সেটাই বিবেচ্য বিষয়।”
প্রধানমন্ত্রীর নির্দেশে ২৪৬ জন চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “যারা যোগ্য ও দক্ষ তাদেরকে আমরা পদোন্নতি দিয়েছি। কাজ করলে পুরষ্কার অন্যথায় তিরস্কার করা হবে- সে যেই হোন না কেন।”
‘সরকারি হাসপাতালগুলো গরিব মানুষের শেষ ভরসাস্থল’ মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অনেক বেসরকারি হাসপাতাল হয়েছে। অনেকগুলোতে উচ্চমূ্ল্যে চিকিৎসা সেবা নিতে হয়, যেটা গরিব মানুষের পক্ষে সম্ভব না।
“তাই সারা দেশে যত সরকারি হাসপাতাল আছে, তার সবগুলোতে ডাক্তাররা যাতে ঠিকমত কাজ করে যান সেটা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”
মা ও শিশু হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন বলে হাসপাতালের উদ্যোক্তাদের আশ্বাসও দেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “চট্টগ্রাম অনেক দিক থেকে এগিয়ে গেলেও স্বাস্থ্যসেবার দিক থেকে পিছিয়ে। মা ও শিশু হাসপাতালের সম্প্রসারিত ভবন হলে স্বাস্থ্যসেবার আধুনিকায়নে চট্টগ্রাম একধাপ এগিয়ে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংসদ এম এ লতিফ ও সাংসদ ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন।
৬৫০ শয্যার বেসরকারি মা ও শিশু হাসপাতালটি নগরীর আগ্রাবাদে অবস্থিত। বর্তমানে সাড়ে চারশ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটির ১৪ তলা বিশিষ্ট সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ চলছে।
মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি এস এম মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি এম ইকবাল আর্সলান এবং মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ উপস্থিত ছিলেন।
