চট্টগ্রামে মারধর করে ১১ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামের আমতল এলাকায় দিনে-দুপুরে প্রায় ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ছিনতাইয়ের শিকার মহিউদ্দিন কাজীর দেউড়ি এলাকার ‘কর্ণফুলী এজেন্সি’ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত।
তার কাছে ১০ লাখ ৮৫ হাজার টাকা ছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি।
সোমবার দুপুরে কোতোয়ালি থানার আমতল শাহ আমানত মার্কেটের কাছে মহিউদ্দিন ছিনতাইকারীর কবলে পড়েন বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “রাইফেল ক্লাবের ইউসিবি ব্যাংক থেকে টাকা তুলে শাহ আমানত মার্কেট সংলগ্ন আইএফআইসি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মহিউদ্দিন।
“সেসময় কয়েকজন ছিনতাইকারী তাকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন মহিউদ্দিন।”
ছিনতাইয়ের শিকার মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহ আমানত মার্কেটের সামনে আসার পর ৪/৫ জন যুবক আমাকে টানা হেঁচড়া শুরু করে কিল-ঘুষি-লাথি মারতে শুরু করে।”
এসময় নিজেকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করলে কেউ এগিয়ে আসেনি বলে জানান তিনি।
