২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে হারানোর চার বছর পর ঘরে এলেন দুর্জয়

পরিবারের সঙ্গে সীমান্তের কাছে মন্দিরে উৎসবে গিয়ে নিজের অজান্তে ভারতে যাওয়ার চার বছর পর দেশে নিজের বাড়িতে ফিরে এলেন যশোরের দুর্জয় ভক্ত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 01:34 AM

Updated : 12 Oct 2022, 04:09 PM

পুরনো খবর:

পত্রিকার ছবি দুর্জয়কে ফিরিয়ে দিল হারানো জীবন

শনিবার রাত সাড়ে ৯টার দিকে মা ও মামার সঙ্গে যশোর শহরের বারান্দিপাড়ার আমতলার বাড়িতে পৌঁছান দুর্জয়। সেখানে সকাল থেকে তার অপেক্ষায় ছিলেন বাবা দুলাল ভক্ত, নানা সুনীল মণ্ডল ও নানি কামনা মণ্ডল।

মা নমিতা দেবী যখন ছেলেকে নিয়ে ঘরে ঢোকেন সে সময় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে পরিপূর্ণ ঘরটি। পাঁচ বছরের ছোট ভাই বারবার জড়িয়ে ধরে চুমু খায় দাদার মুখে। জটলার ভেতর মাঝে মাঝে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে যান বাবা দুলাল ভক্ত।

নানি কামনা মণ্ডল বললেন, “চার বছর ধরে রাস্তায় রাস্তায় দাদুকে (দুর্জয়) খুঁজেছি পাগলের মত। দরগাহ বাড়ি, মন্দির কোনো কিছু বাদ দিইনি। ওর বড় মামা (সুব্রত মণ্ডল) চাকরি করত। ওরে খুঁজতে খুঁজতে সে চাকরিটাও গেছে। আমার যে টুকু জমি ছিল, সব বিক্রি করে দিছি ওর পেছনে।”

দুর্জয়ের ছোট মামা দেবব্রত মণ্ডল বলেন, “ভারতে ওকে পাওয়া গেছে- জানার পর থেকে আমরা আর ঘুমাতে পারিনি। চার বছর পর ওকে কাছে পেয়েছি। আজ শান্তিতে ঘুমাব।”

Image
একপাশে মামা সুব্রত মণ্ডল, অন্যপাশে মা নমিতা দেবীর সঙ্গে দুর্জয়। ছবিটি আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছে।

একপাশে মামা সুব্রত মণ্ডল, অন্যপাশে মা নমিতা দেবীর সঙ্গে দুর্জয়। ছবিটি আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছে।

দুর্জয়কে ফিরে পেয়ে খুশি প্রতিবেশীরাও। তাদের একজন রেনু বেগম বলেন, “চার বছর পর ছেলেটা যে শেষ পর্যন্ত ফিরতে পেরেছে, তাতে আমরা খুব খুশি। জলজ্যান্ত একটা ছেলে চোখের সামনে থেকে হারিয়ে গেল। ওর পরিবারের দিকে তাকানো যেত না।”

পশ্চিমবঙ্গে প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার সকালে দুর্জয়কে নিয়ে কলকাতা থেকে রওনা হন তার মা ও মামা সুব্রত মণ্ডল।

২০১১ সালের সেপ্টেম্বরে এক ঈদের আগে বেনাপোলের পাটমন্দিরে এক উৎসবে যোগ দিতে গিয়ে লুকোচুরি খেলার মধ্যে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হন শিশু দুর্জয়। ঘটনাচক্রে ঢুকে পড়েন ভারতে। মাদক ব্যবসায়ীর খপ্পরে পড়ে মাদক বহনে ব্যবহৃত হন।

এক পর্যায়ে ঠাঁই হয় পশ্চিমবঙ্গের হাওড়ার  মালিপুকুর এলাকার একটি অনাথ আশ্রমে। সেখানে নাম গোপন করে ইন্দ্রনারায়ণ রায় চৌধুরী নাম নেন। প্রতিনিয়ত নির্যাতনের মুখে একদিন সেখান থেকে পালিয়ে আসেন। পরে একটি শিশু কল্যাণ সমিতির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির হাত ধরে দুর্জয়ের স্থান হয় ‘ইচ্ছে’ নামের একটি অনাথ আশ্রমে। সেখানেই গত কয়েক বছর কাটিয়েছেন তিনি।

সম্প্রতি কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় দুর্জয়ের চার বছর আগের ছবিসহ একটি প্রতিবেদন ছাপা হয়, যা দেখে হারানো পরিবার ফিরে পান তিনি।