‘অপারেশন রেবেল হান্ট’র ইতি চায় বিজিবি
ছয় বছর আগের রক্তাক্ত বিদ্রোহের পর সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত ‘অপারেশন রেবেল হান্ট’ নিয়ে আর এগোতে চায় না বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
র্যাব সদস্যদের দিয়েই এখন এ ধরনের কাজ চালিয়ে যাওয়া সম্ভব বলে মত দিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর মেয়াদ পূর্তিতে এর কর্মসূচির সমাপ্তি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সীমান্তরক্ষা বাহিনী।
গত ৮ অগাস্ট বিজিবির উপমহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান স্বাক্ষরিত এই চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহ প্রতিরোধ ও বিদ্রোহ পরবর্তী কার্যক্রমে সহায়তার জন্য ‘অপারেশন রেবেল হান্ট’ এর আওতায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে পিলখানায় সশস্ত্র বাহিনীর ১৮০০ সদস্যের একটি টাস্কফোর্স মোতায়েন করা হয়।
এরপর ধাপে ধাপে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে বর্তমানে ২৫০ জন সদস্য পিলখানায় মোতায়েন আছেন।
“বর্তমানে সেনাসদস্যরা টাস্কফোর্স হিসেবে পিলখানার ভিতর একটি অবস্থানে অবস্থান করা ছাড়া সুনির্দিষ্ট কোনো স্থানের বা কাজের দায়িত্বে নিয়োজিত নেই।”
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ এপ্রিল থেকে র্যাবের একটি কোম্পানি পিলখানায় দায়িত্ব পালন করছে বলেও বিজিবির চিঠিতে বলা হয়েছে।
“সশস্ত্র বাহিনীর সদস্যগণ পিলখানায় বর্তমানে যে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত আছে তা র্যাব কর্তৃকও পালন করা সম্ভব,” বলা হয়েছে এতে।
চিঠিতে বিজিবির বর্তমান সদস্যদের কর্মকাণ্ডের প্রশংসা করে বলা হয়, গত দুই বছর যাবৎ বিজিবি সদস্যরা সশস্ত্র অবস্থায় সীমান্ত এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় অত্যন্ত দক্ষ, বিশ্বস্ত, সুশৃঙ্খল, পেশাদার ও আস্থাভাজন হিসেবে নির্ধারিত সব কাজ করছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম পরিবর্তন করা হয়, পাল্টে যায় পোশাকও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
