শোক দিবসে কর্মসূচি পালন না করায় পৌরসভার সচিব আটক
জাতীয় শোক দিবসের কোনো কর্মসূচি পালন না করায় মৌলভীবাজার পৌরসভার সচিবকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সচিব সৈয়দ আবুজর গিফারিকে (৪৬) পৌরসভা থেকে আটক করা হয়। তার বাড়ি নেত্রকোনা জেলায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আব্দুস ছালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ অগাস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পৌরসভার উদ্যোগে কোনো কর্মসূচি পালন না করা এবং জাতীয় পতাকা উত্তোলন না করার দায়ে তাকে আটক করা হয়েছে।”
স্থানীয় কয়েকজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বৃক্ষ রোপন করতে মৌলভীবাজার পৌরসভায় যান। বিভিন্ন বিষয় নিয়ে পৌর মেয়রসহ উপস্থিত অন্যাদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে পৌরসভায় জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় ক্ষোভ প্রকাশ করেন এবং সচিবকে ডেকে আনেন।
“একজন সরকারি কর্মচারী হয়ে সরকারের নির্দেশনা অমান্য করার কারণ জিজ্ঞেস করলে তিনি মন্ত্রীকে কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে আটক করতে পুলিশকে নির্দেশ দেন মহসিন আলী,” বলেন এক সাংবাদিক।
একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ অগাস্ট সকাল সাড়ে ১০টা এবং বেলা ১২টার দিকে পৌরসভার সামনের সড়ক দিয়ে যাওয়া-আসার পথে পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী মহসীন আলী। ওই সময় মন্ত্রী তাকে ‘পতাকা না উঠানোর দৃশ্য’ ক্যামেরায় ধারণ করতে বলেন।
