ট্রেন-পুলিশ ভ্যান সংঘর্ষ: আরও এক তদন্ত কমিটি
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় চার পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা তদন্তে আরেকটি কমিটি করেছে জেলা পুলিশ।
রোববার বিকালে নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু মারুফ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের এ কমিটি করা হয়েছে।
আগামী সাত কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) আশরাফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির, সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এএসএম সাজেদুর রহমান ও ডিআইও-১ আলতাফ হোসেন।
শুক্রবার রাতে সৈয়দপুর শহরের অদূরে ঢেলাপীর-পোড়ার হাট সড়কের রেলগেইটে ট্রেনের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে সৈয়দপুর থানার চার কনস্টেবলের মৃত্যু হয়।
এ ঘটনার পরপর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ।
