খুনের দায়ে চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
খুনের দায়ে চট্টগ্রামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
রোববার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল ইসলাম এনাম চৌধুরী এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাধেশ্যাম হরিজন চাঁদপুরের হাজীগঞ্জের বাসিন্দা।
ট্রাইবুন্যালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইয়ূব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাধেশ্যাম হরিজনকে মৃত্যুদণ্ড দেন।”
জীবন হরিজন ও তার ভাই নন্দ কিশোর হরিজনকে ছুরিকাঘাতে জখম এবং জীবনকে হত্যার দায়ে তাদের ভাই বিজয় হরিজনের করা মামলায় এ রায় দেয় আদালত।
জীবনকে হত্যার দায়ে আসামি রাধেশ্যামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকর এবং নন্দ কিশোরকে আহত করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান আইয়ূব।
মামলার বিবরণে জানা যায়, চাঁদপুর হাজীগঞ্জ সদরের রাজনীগন্ধা মার্কেটের পাবলিক টয়লেটের সুইপার হিসেবে কর্মরত ছিলেন রাধেশ্যাম। জীবন ও নন্দ কিশোর টয়লেটের পরিচালনার দায়িত্বে ছিলেন।
২০১৩ সালের ২৭ জুলাই বিকালে বেতন নিয়ে বাকবিতণ্ডার জেরে আসামি রাধেশ্যাম জীবন ও নন্দ কিশোরকে ছুরিকাঘাত করলে জীবন ঘটনাস্থলেই মারা যান।
ওই ঘটনায় রাতে নিহতের অপর ভাই বিজয় হরিজন হাজীগঞ্জ থানায় একটি মামলা করলে পুলিশ অভিযোগপত্র জমা দেয় এবং পরের বছরের ২ মার্চ আদালত অভিযোগ গঠন করে।
২০১৪ সালের ১৮ নভেম্বর মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
পিপি আইয়ূব বলেন, “রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেয়।”
