গাজীপুরে গাড়ির ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত
গাজীপুর শহরের মাস্টারবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন।
রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী থানার এসআই অচিন্ত্য দে নাথ জানান।
নিহত আমজাদ হোসেন সরকার (৫০) সেনাবাহিনীতে সার্জেন্ট থাকা অবস্থায় অবসর নেওয়ার পর গাজীপুর সদরের পিরোজআলী সড়কঘাট এলাকার স্বর্ণ রেখা খামারে ম্যানেজারের কাজ করতেন।
তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি থানার পূর্ব গোপালপুর এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই অচিন্ত্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ওই মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর জখম হন। তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
