২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশের অভিযানকালে’ আটক যুবক গুলিবিদ্ধ

যশোরে হত্যা মামলার আসামি ধরার কথিত অভিযানে পুলিশের হেফাজতে থাকা এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 03:03 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার রাত ২টার দিকে উপশহরের পাশে কিসমত নওয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।  

পায়ে গুলিবিদ্ধ হাসান গাজীকে (২৫) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক জামাল উদ্দীন জানান, সোহাগ নামের এক যুবককে হত্যার ঘটনায় শনিবার হাসান গাজীকে আটক করা হয়।

“তার স্বীকারোক্তিতে যশোর উপশহরের একটি পুকুর থেকে সোহাগ নামে এক যুবকের লাশ উদ্ধার হয়।

“সোহাগকে শুক্রবার রাতে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।”

এসআই জামাল জানান, এ হত্যাকাণ্ডে জড়িত মাসুদ নামে আরেক যুবককে আটকের জন্য শনিবার রাত ২টার দিকে উপশহরের পাশে কিসমত নওয়াপাড়ায় অভিযান চালায় পুলিশ।

“মাসুদের বাড়ির কাছে গেলে মাসুদ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ও কয়েকরাউন্ড গুলি ছোড়ে।”

“এ সময় তাদের ছোড়া একটি গুলি হাসানের বাম পায়ে বিদ্ধ হয়।”

তবে পুলিশ কোনো গুলি ছোড়েনি বলে জানান এসআই জামাল।

তিনি আরও জানান, এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।