জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন
জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং এবার তাতে ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক নেতারা।
“জাতির জনকের প্রতিকৃতি স্থাপনের জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। এটা আমাদের জন্য লজ্জা। সব কিছু ছাপিয়ে আজ প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হল,” প্রতিকৃতি স্থাপন অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
বিএনপি সমর্থক নিয়ন্ত্রিত কমিটির মেয়াদ ফুরোনোর পর ‘সমঝোতার মাধ্যমে’ গঠিত প্রেস ক্লাবের নতুন কমিটি শনিবার জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করে।
এ সময় জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সরকার সমর্থক নেতারা উপস্থিত ছিলেন।
গত ২৮ মে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সভায় ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল। এর আগে ২০১৩ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের কথা থাকলেও তা হয়নি।
প্রতিকৃতি স্থাপনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রথমে জাতীয় প্রেস ক্লাব, পরে বিএফইউজে এবং ডিইউজে নেতারা বঙ্গববন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, বিএফইউজের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা জানানোর পর প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় সাংবাদিক ‘সমাজ ব্যানারে’ অনুষ্ঠিত হয় সর্বধর্মীয় প্রার্থনা সভা। এতে কুরআন থেকে মাওলানা জিয়াউল আহসান, গীতা থেকে মানস মিত্র, বাইবেল থেকে ফাদার বেঞ্জামিন কস্টা, ত্রিপিটক থেকে ফলিত ভিক্ষু পাঠ করে শোনান।
