মায়ের মৃত্যুর ভুয়া খবর দিয়ে জামিন
মা মারা গেছেন- এমন তথ্য দিয়ে জামিন নিয়ে পালিয়ে গেছেন হত্যা মামলার এক আসামি।
ছয় বছর পর তার মা বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরীর আদালতে সাক্ষ্য দিতে এলে বিষয়টি প্রকাশ পায়।
কক্সবাজারের চকরিয়ায় নিজ বড় বোনকে খুনে অভিযুক্ত ওই আসামির নাম নুরুল আমিন (৩৬)। এই মামলায় তার মা রাবেয়া বেগম সাক্ষী।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাবেয়া বেগম মারা গেছেন বলে তথ্য দিয়ে কক্সবাজার জেলা জজ আদালত থেকে ২০০৯ সালে জামিন নেন নুরুল আমিন।
“জামিননামায় জিম্মাদার হিসেবে স্বাক্ষর করে নুরুল আমিনেরই ভাই মাদ্রাসা শিক্ষক মো. ফেরদৌস। আদালত নুরুল আমিনকে জামিন দিলে সে মুক্ত হয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত সে পলাতক।”
২০১৪ সালে এ মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।
পিপি আইয়ুব খান বলেন, “মামলার সাক্ষীদের খোঁজ-খবর নিতে গিয়ে দেখি তিনি বেঁচে আছেন। সমন জারি হলে রাবেয়া বেগম আজ আদালতে এসে সাক্ষ্য দেন।”
আসামির ভাই ফেরদৌসও আদালতে এসে মিথ্যা তথ্য দিয়ে জিম্মাদার হওয়ায় আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বলে এই আইনজীবী জানান।
২০০৮ সালের শেষ দিকে বড় বোন জাহানারা বেগমকে কুপিয়ে খুন করেন নুরুল আমিন। এ ঘটনায় জাহানারার মেয়ে কোহিনূরের করা মামলায় গ্রেপ্তার হন নুরুল আমিন।
আইনজীবী আইয়ুব খান বলেন, “এভাবে মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করায় নুরুল আমিনের ভাই ও আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন করেছি।”
তবে আদালতে এ বিষয়ে কোনো আদেশ তাৎক্ষণিকভাবে দেননি বলে জানান তিনি।
