২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অপহৃত স্কুলছাত্র ঢাকায় উদ্ধার, আটক ৩

কিশোরগঞ্জ থেকে অপহৃত এক স্কুলছাত্রকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে এক নারীসহ তিন জনকে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 08:52 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন।

উদ্ধার অপূর্ব সরকার (১০) কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের রথিন্দ্র সরকারের ছেলে। স্থানীয় বড়বাগ মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সে।

আটককৃতরা হলেন-কিশোরগঞ্জের ব্রাহ্মণকচুরি গ্রামের ইদ্রিছ (৫০) ও গোসাইহাট উপজেলার চরমনপুরা গ্রামের জসিম (৩৫)। আটক নারীর নাম প্রকাশ করা হল না।

ওসি বলেন, গত ৯ অগাস্ট সন্ধ্যায় অপূর্ব বাড়িতে না ফেরায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে তার মা পান্না রাণী সরকারের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ঘটনায় ওইদিনই কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন পান্না রাণী।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, অভিযোগ পাওয়ার পর গোপন তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালিয়ে প্রথমে মহাখালী থেকে ওই নারীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থেকে বাকি দুজনকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়।

অপহরণের ঘটনায় পান্না রাণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন বলে জানান ওসি।