কর্ণফুলী দূষণে বিদেশি জাহাজকে জরিমানা
কর্ণফুলী নদীতে তেল ফেলে দূষণের দায়ে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজকে জরিমানা করেছে চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম এ অভিযান পরিচালনা করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের নয় নম্বর জেটিতে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি আর্কা নদীতে তেল নিঃসরণ করছে বলে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
“এসময় জাহাজের ক্যাপ্টেন এবং স্থানীয় শিপিং এজেন্ট ট্রিডেন্ট শিপিং লাইন লিমিটেডের প্রতিনিধিদের উপস্থিতিতে তেল নিঃসরণের প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধ্যাদেশ ১৯৭৬ অনুসারে জাহাজটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।”
একই আদালত বন্দরের সিপিআর গেইট সংলগ্ন টোল সড়ক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা চারটি গ্যারেজ উচ্ছেদ করে বন্দরের মালিকানাধীন প্রায় দেড় একর জমি দখলমুক্ত করে।
এসব গ্যারেজ সরিয়ে নিতে আগে একাধিকবার মাইকিং করা হয়েছে জানিয়ে মুহাম্মদ আবুল হাশেম বলেন, “উচ্ছেদের সময় গ্যারেজে থাকা পরিত্যক্ত ট্রাক ও যন্ত্রাংশ সরিয়ে নিতে তিন ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।
“নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নেওয়ায় উন্মুক্ত নিলামের মাধ্যমে নয় লাখ ৫০ হাজার টাকায় এসব মালামাল বিক্রি করে দেওয়া হয়েছে।”
গ্যারেজ উচ্ছেদে টোল রোড সংলগ্ন এলাকা দখলমুক্ত হওয়ায় এ সড়কে আর যানজট হবে না বলে আশা প্রকাশ করেন বন্দর কর্মকর্তা আবুল হাশেম।
পুলিশ ও চট্টগ্রাম বন্দরের নিজস্ব আনসার বাহিনী অভিযানে সহায়তা করে।
এসময় বন্দরের ডেপুটি এস্টেট ম্যানেজার জিল্লুর রহমান, প্রসিকিউশন অফিসার মোহাম্মদ মাসুদ হোসাইন ও পেশকার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
