২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরকে দেখলেই চালকরা ‘কান ধরে ফেলে’

এক চালকের কান ধরে থাকার ছবি ফেইসবুকে তুলে সমালোচনার মুখে ওই ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলার পর সড়কমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, তাকে ভয় পেয়ে চালকরা ওই আচরণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 06:41 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের পর পরিদর্শনের সময় এক চালকের কান ধরে দাঁড়িয়ে থাকার ছবি সম্প্রতি নিজের ফেইসবুক পাতায় তুলেছিলেন ওবায়দুল কাদের।

তা নিয়ে অনলাইনে সমালোচনার পর নিজের ফেইসবুক পাতায় তিনি স্ট্যাটাস দেন, পুলিশকে দেখেই ওই চালক কান ধরেন এবং তা দেখে তিনি ওই আচরণের কারণ জানতে চেয়েছিলেন।

তবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, “এখন অটোরিকশা চালকরা আমাকে দেখলেই কান ধরে দাঁড়িয়ে থাকে ভয়ে।”

ফেইসবুক পোস্টের সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “অনেকেই বলেছেন এটাতে নাকি সংবিধান লঙ্ঘন হয়েছে। সংবিধানের কত সময় কত কী হয়েছে? একটা কথা আছে না, যত দোষ নন্দঘোষ মন্ত্রীর।”

তবে কেন তিনি নিজের ফেইসবুক পাতায় ওই ছবি তুলেছিলেন, তার ব্যাখ্যা দেননি।

ওবায়দুল কাদেরের মহাসড়ক পরিদর্শনকে অনেকেই ‘লাফ-ঝাঁপ’ বলে সমালোচনা করে থাকেন। তবে নিজের আচরণ বদলাতে নারাজ এই আওয়ামী লীগ নেতা।  

মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের পর দুর্ঘটনা কমেছে দাবি করে আগামীতে ফিটনেসবিহীন গাড়িও সরিয়ে ফেলবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

“লাইন্সেবিহীন ড্রাইভারদের শনাক্ত করার পদক্ষেপ নিচ্ছি। আজকে আমাদের সাহসী সিদ্ধান্ত নিতে হবে। মহাসড়কে ছোট বড় অবৈধ সব যান বন্ধ করে দিতে হবে।”

সড়কে যানজটের দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি দিতেও সক্রিয় তৎপরতা চালাবেন বলে জানান মন্ত্রী।

“অসহনীয় যানজটে আমাদের কর্ম ঘণ্টা নষ্ট করতে হচ্ছে, আমাদের ব্যবসা-বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হচ্ছে। যানজট বন্ধে আমাদের আপসহীন লড়াই করতে হবে।”

পুরনো খবর:

চালককে কানে ধরিয়ে সমালোচনায় কাদের
কানে ধরার ঘটনা ভুল বোঝাবুঝি, দাবি সড়ক মন্ত্রীর