উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে কিশোর
গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে এক কিশোর পালিয়ে গেছে।
বুধবার খেলার মাঠ থেকে ওই কিশোর পালিয়েছে বলে জানান কেন্দ্রের তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম।
এ ঘটনায় রাতেই তিনি টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।
রবিউল ইসলাম বলেন, বুধবার বিকালে কেন্দ্রের খেলার মাঠ থেকে কৌশলে পালিয়ে গেছে ওই কিশোর। বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
জিডিতে উল্লেখ করা হয়েছে যে, সাভার থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি ওই কিশোর (কিশোর অপরাধী হওয়ায় তার নাম দেওয়া হলো না) গত ৬ অগাস্ট থেকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে রয়েছে।
বুধবার বিকালে কেন্দ্রের সুরক্ষিত খেলার মাঠে ২৭ জন ছেলে খেলা করছিল। এক ফাঁকে সবার অগোচরে কেন্দ্রের বাইরে পালিয়ে যায় সে।
