যুদ্ধাপরাধ: ময়মনসিংহের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার ময়মনসিংহের দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ময়মনসিংহ থেকে বুধবার ঢাকায় আনার পথে পুলিশের প্রিজন ভ্যান দুর্ঘটনায় পড়লে এদের একজন আহত হন। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে কারাগারে নেওয়া হবে।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দুই আসামি আমজাদ আলী ও রিয়াজ উদ্দিন ফকিরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন ঋষিকেশ সাহা। এক আসামির পক্ষে ছিলেন মুজাহিদুল ইসলাম শাহীন।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রেপ্তার হওয়ার পর ঢাকায় আনার পথে সকালে এই আসামিবাহী প্রিজন ভ্যান গাজীপুরে দুর্ঘটনার পড়ে।
সেখানে আহত হওয়ার পর আমজাদ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে রিয়াজ ফকিরকে আদালতে হাজির করা হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হয়।
রিয়াজ ফকিরের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মক্কেল হালকা আহত হন। প্রাথমিক চিকিৎসারর পর তাকে আদালতে হাজির করা হয়।
প্রসিকিউটর ঋষিকেষ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলা পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে।
