২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রং-তুলিতে ‘শোকগাথা’

জাদুঘরের চারপাশে ছড়ানো নানা ক্যানভাস, হরেক রকম রঙ-তুলি আর আঁকার নানা সরঞ্জাম; একাল-সেকালের শিল্পীদের দিনভর আঁকাআঁকির বিষয়ও ছিল এক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 07:32 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

কখনও ‘সংগ্রামী নেতা’, কখনও স্বাধীনতা আন্দোলনের ‘অগ্রনায়ক’; স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে ‘স্বপ্নবাজ পুরুষ’, ঘাতকের বুলেটে বিদায়-এভাবে নানা রূপে বঙ্গবন্ধুকে রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে তুলে এনেছেন শিল্পীরা।

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের ৪০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ‘রং-তুলিতে শোকগাথা’ শিরোনামে এই চিত্রাঙ্কন হয়।

দিনভর বঙ্গবন্ধুর চিত্র আঁকেন শিল্পী রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, আব্দুল মান্নান, খালিদ মাহমুদ মিঠু, বীরেন সোম। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিপাশা হায়াত, আফরোজা জামিল কঙ্কা, কনক চাপা চাকমার মতো তরুণ শিল্পীরা।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রত্যক্ষদর্শী রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, আব্দুল মান্নান, খালিদ মাহমুদ মিঠু, শামসুদ্দোহারা বলছিলেন, তারা বঙ্গবন্ধুকে দেখেছেন নানা রূপে-কখনও ‘সংগ্রামী জননেতা’, কখনও স্বাধীনতা সংগ্রামের ‘অগ্রনায়কের’ ভূমিকায়। স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে ‘স্বপ্নবাজ পুরুষের’ ভূমিকায়ও ‘অনন্য’ বঙ্গবন্ধুকে দেখেছেন।

চিত্রাঙ্কনের ফাঁকে বঙ্গবন্ধুকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন সেকালের চিত্রশিল্পীরা। বঙ্গবন্ধুর সঙ্গে যোগাযোগ, তার সান্নিধ্য- নানা বিষয়ে তরুণদের বলেন তারা। মানসপটে থাকা বঙ্গবন্ধুকে তারা আঁকেন নানা ভঙ্গিতে। তবে সবার অঙ্কনের মাধ্যম ছিল এক- ‘অ্যাক্রেলিক’।

প্রবীণ চিত্রশিল্পী আবদুল মান্নান ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধুর বিখ্যাত সেই কালো কোট। তার চিত্রে উঠে এসেছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাও।

হঠাৎই তিনি ক্যানভাসে ছড়ান ছোপ ছোপ লাল- ১৫ অগাস্টের সেই কালো রাত্রিতে বঙ্গবন্ধুর রক্তাক্ত দেহ আর ‘জাতির ভাগ্যাকাশে নেমে আসা নিকষ কালো অন্ধকারকেই’ তিনি বোঝাতে চাইলেন ‘সবই আছে কিন্তু নেতা নেই’ শিরোনামের ছবিতে।

তার পাশেই বীরেন সোম তার ক্যানভাসে ফুটিয়ে তোলেন শোকাবহ অগাস্টের ইতিবৃত্ত।

চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ছবির শিরোনাম ‘স্বপ্ন’। মিঠু বঙ্গবন্ধুকে চেনেন এক ‘স্বপ্নবাজ মানুষ’ হিসেবে।

তিনি বলেন, “বঙ্গবন্ধু নিজে স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখিয়েছেন বাংলার মুক্তিকামী জনতাকে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন, আমি সেই স্বপ্নকে তুলে ধরেছি আমার ক্যানভাসে।”

১৯৭৫ সালের ১৫ অগাস্টের সেই রাতে বঙ্গবন্ধুকে বাঁচাতে এসে শহীদ হয়েছিলেন কর্নেল জামিল উদ্দিন আহমেদ। তার মেয়ে চিত্রশিল্পী আফরোজা জামিল কঙ্কাও এসেছিলেন ‘শোকগাথা’র আয়োজনে।

অন্যদের থেকে তার চিত্রকর্ম ছিল আলাদা। শোকের মাসে তিনি বঙ্গবন্ধুকে শোকের রঙে নয়, আঁকতে চেয়েছেন আনন্দের রঙে।

“আজ আমি কিন্তু শোকের ছবি আঁকতে আসিনি। বাবা আর বঙ্গবন্ধু দুজনই আমার কাছে অনুপ্রেরণা, আমার আদর্শ। আমার ‘বঙ্গবন্ধু এবং ৭১’ ছবিতে আমি বঙ্গবন্ধুকে আনন্দের রঙেই আঁকব,” বলেন তিনি।

‘শোকের মাস অগাস্টে প্রকৃতিও যেন শোকের কালো আবরণে ছেয়ে গেছে’ মনে করছেন তরুণ চিত্রশিল্পী আরিফুর রহমান। নানা রঙে-রূপে ভরপুর বাংলাকে তিনি ছেঁয়ে দেন বিষাদের কালো রঙে। সানজিদা আক্তার নিবিড় মমতায় এঁকে চলছিলেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রতিকৃতি।

‘রঙ-তুলিতে শোকগাথা’ শিরোনামের এই আয়োজনে এসেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালেদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।