চালককে পিটিয়ে হত্যা: ৪ যাত্রী গ্রেপ্তার
রাজধানীর সায়েদাবাদের জনপদ মোড়ে এক বাসচালককে পিটিয়ে হত্যার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- রাজন মিয়া (৩২), রেজাউল করিম (৩৩), সোহেল আহমেদ (৩০) ও কামরুল ইসলাম শাকিল (২৬)।
যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার হওয়া ওই চার জনকে আসামি করে মঙ্গলবার নিহত চালকের স্ত্রী রীমা দে হত্যা মামলা করেছেন।”
সোমবার রাত ১১টার দিকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়তে দেরি হলে কয়েকজন যাত্রী ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি মারলে চালক বাবুল চন্দ্র দে শিবু (৪০) অচেতন হয়ে পড়েন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
শ্যামলী পরিবহনের মহাব্যবস্থাপক মো. সেলিম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১০টার দিকে ওই বাসটি ফকিরাপুল থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝে কমলাপুর কাউন্টারে যাত্রীদের জন্য খানিক্ষণ অপেক্ষা করে চালক বাসটি চালিয়ে জনপদ মোড়ে চলে আসেন।”
ওই কাউন্টারে সাতটি টিকিট বিক্রি হলেও তিন যাত্রী না থাকায় বাকিদের নিয়েই চালক রওনা হয়েছিলেন বলে জানান তিনি।
বাসে উঠতে ব্যর্থ হওয়া তিন যাত্রী হলেন রাজন, রেজাউল ও সোহেল।
মো. সেলিম জানান, বাবুল তাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি নিয়ে জনপদ মোড়ে অন্য কাউন্টারে চলে যান। এরই মধ্যে কমলাপুরের ওই তিন যাত্রী অটোরিকশা করে জনপদের মোড়ে অপেক্ষমান বাসটিতে ওঠেন। তবে বাসটি সেখানে কিছুক্ষণ থামিয়ে রাখলে ওই তিন যাত্রী ক্ষুব্ধ হয়ে চালককে মারধর করতে থাকেন।”
এ সময় কামরুল ইসলাম শাকিল নামে আরও একজন তাদের সঙ্গে যোগ দেয় বলে দাবি করেন সেলিম।
এদিকে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পর বাবুলের মৃতদেহ সিলেটের জাফলং পাঠানো হয়েছে।
শ্যামলী কর্তৃপক্ষ জানিয়েছেন, দশ বছর ধরে বাবুল শ্যামলী পরিবহনের বাস চালিয়ে আসছিলেন। তার দশ বছরের দুটি জমজ ছেলে রয়েছে।
