রাকিব হত্যা: শরীফের জবানবন্দি
খুলনায় শিশু রাকিব হওলাদারকে মলদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা মামলার প্রধান আসামি শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে মঙ্গলবার বিকালে তিনি ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন বলে জানান খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস।
“দোষ স্বীকারসহ হত্যাকাণ্ডের বর্ণনা এবং অন্যান্যদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন শরীফ।”
তিনি জানান, শরীফ ও তার দূরসম্পর্কের চাচা মিন্টু মিয়াকে সোমবার থেকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শরীফ আদালতে জবানবন্দি দিতে চায়।
ওসি আরও জানান, দুপুরের পর শরীফকে আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ। বিকাল ৫টার দিকে শরীফের জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
এর আগে রোববার মামলার আরেক আসামি শরীফের মা বিউটি বেগম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
গত ৩ আগস্ট মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিনের পাইপ মলদ্বারে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে হত্যা করা হয় রাকিব হওলাদারকে (১২)।
এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নগরীর টুটপাড়া কবরখানা রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মটর্সের মালিক শরীফ ও তার চাচা মিন্টু মিয়াকে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী।
