খুলনায় রাকিব হত্যা: বিউটির জবানবন্দি
নির্যাতন চালিয়ে শিশু রাকিব হাওলাদার হত্যায় আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার আসামি বিউটি বেগম, যিনি প্রধান আসামি গ্যারেজ মালিক শরীফের মা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে খুলনা মহানগর হাকিম আদালতে বিউটির জবানবন্দি রেকর্ড করা হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের রিমান্ডের প্রথম দিন জিজ্ঞাসাবাদ শেষে বিউটি আদালতে জবানবন্দি দিতে সম্মত হন।
“রাকিবকে হত্যার বর্ণনা এবং নিজে রাকিব হত্যায় জড়িত স্বীকার করে আদালতে জবানবন্দি দেন বিউটি।
“এছাড়া বিউটির ছেলে ‘শরীফ মটর্স’ এর মালিক শরীফ ও তার কর্মচারী মিন্টু মিয়া এ হত্যাকাণ্ডে জড়িত বলেও বিউটি স্বীকার করেন।”
গত সোমবার রাতে খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পরপরই স্থানীয়রা গ্যারেজ মালিক শরীফ (৩৫), তার দূর সম্পর্কের চাচা মিন্টু মিয়া (৪০) এবং শরীফের মা বিউটি বেগমকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ কর।
পিটুনির শিকার শরীফ ও মিন্টু মিয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
