বঙ্গবন্ধুর প্রতি মন্ত্রিসভার শ্রদ্ধা
জাতীয় শোক দিবসকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আগামী ১৫ অগাস্ট শোক দিবস, বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী। ক্যাবিনেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি প্রস্তাব গ্রহণ করেছে।”
প্রস্তাবের শেষ অনুচ্ছেদ সাংবাদিকদের শুনিয়ে মোশাররাফ হোসাইন বলেন, “আসন্ন ১৫ অগাস্ট ৪০তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে মন্ত্রিসভা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।”
এ সময় মন্ত্রিসভা ১৫ অগাস্টের নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য ও স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে।
