২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সহপাঠী খুনের প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

চট্টগ্রামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুনের ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তার সহপাঠীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 08:57 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

সোমবার দুপুরে নগরীর প্রর্বতক মোড়ে এ কর্মসূচি পালন করে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ‘সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ’।

গত ১৯ জুলাই রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে খুন হয় ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয়নাল আবেদিন মেজবাহ (২৪)। 

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারই চাচাত ভাই আরমানকে গ্রেপ্তার করে পুলিশ।

মানববন্ধনে অংশ নেওয়া আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় ছয় জন আসামির মধ্যে শুধু একজন গ্রেপ্তার হয়েছে, বাকি পাঁচ জন এখনও গ্রেপ্তার হয়নি।”

বিক্ষোভ সমাবেশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল হান্নান বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের বিচার না হলে হত্যাকারীরা অনুপ্রাণিত হবে।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ, বিজিসি ল’ অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আইনজীবী রিগান আচার্য, আইনজীবী ফোরকান উদ্দিন প্রমুখ।

জয়নাল আবেদিন খুনের পর পুলিশ জানিয়েছিল, ফুপুর পাঠানো ঈদের পোশাক নিয়ে ঝগড়ার এক পর্যায়ে চাচাত ভাই আরমান মেজবাহর অন্ডকোষ চেপে ধরলে সে গুরুতর আহত হয়। পরে মেজবাহ মারা যায়।