মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: আরেক আসামি গ্রেপ্তার
মাগুরায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে মাগুরার শালিখা উপজেলার কাদিরপাড়া গ্রাম থেকে মামলার ১১ নম্বর আসামি লিটনকে গ্রেপ্তার করা হয়।
চায়ের দোকানি লিটন দোয়ারপাড় এলাকার ফজেদ মল্লিকের ছেলে।
এ নিয়ে এ মামলার ১৬ আসামির মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হলো।
রোববার রাতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন মাগুরা সদরের আলমখালী থেকে ৬ নম্বর আসামি ইলেকট্রিক মিস্ত্রি ফরিদ এবং মামলার ১২ নম্বর আসামি লিটনের ভাই চা দোকানি মিল্টন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, গোপন সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে গোয়েন্দা পুলিশ ( ডিবি) অভিযান চালায়।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন স্থানীয় মমিন ভূইয়া। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন গৃহবধূ নাজমা বেগম।
ওই ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নামে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
