২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: আরও দুই আসামি গ্রেপ্তার

মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের সময় অন্তঃস্বত্ত্বা এক নারী গুলিবিদ্ধ এবং একজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 11:45 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার রাত ১০টার দিকে মাগুরা সদরের আলমখালী এলাকা থেকে আসামি ফরিদ ও মিল্টনকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান।

এই দুজনকে নিয়ে মামলার ১৬ আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হল।

স্থানীয় কেবল টিভি নেটওয়ার্কের লাইনম্যান ফরিদ দোয়ারপাড় এলাকার সৈয়দ আলী করিগরের ছেলে। তিনি মামলার ছয় নম্বর আসামি। আর ১২ নম্বর আসামি মিল্টন একই এলাকার ফজেদ মল্লিকের ছেলে। মাগুরা শহরের জজ কোর্ট এলাকার চার দোকান রয়েছে তার।

তদন্ত কর্মকর্তা ইমাউল হক জানান,  ফরিদ ও মিল্টন ঢাকা থেকে ছেড়ে আসা ‘তুহিন ডিলাক্স’-এর একটি বাসে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। বাসটি আটকে তাদের গ্রেপ্তার করা হয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ জুলাই বিকালে মাগুরা শহরের দোয়ারপাড়ায় সাবেক ছাত্রলীগকর্মী কামরুল ভূইয়ার সঙ্গে সাবেক যুবলীগকর্মী মহম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম (৩০) ও প্রতিবেশী মিরাজ হোসেন গুলিবিদ্ধ হন, নিহত হন কামরুলের চাচা আব্দুল মোমিন ভূঁইয়া।

গর্ভস্থ সন্তান গুলিবিদ্ধ হওয়ার এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার গুলিবিদ্ধ শিশুটি ভূমিষ্ঠ হয়। দুই দিন পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মা ও নবজাতক ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় নিহত মোমিনের ছেলে রুবেল ভূঁইয়া ২৬ জুলাই মাগুরা সদর থানায় যে মামলা করেছেন, তাতে মোট ১৬ জনকে আসামি করা হয়।

তাদের মধ্যে হুকুমের আসামি জেলা  ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনসহ ছয়জনকে আগেই গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের অনুমতিতে সুমনকে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

পুরনো খবর:

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: সেন সুমন রিমান্ডে