২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে শিশুকে পিটিয়ে আহত করল যুবকের দল

সিলেট, খুলনা, বরগুনায় নির্যাতন চালিয়ে শিশু হত্যার ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে লালমনিরহাটে একটি শিশুকে পিটিয়ে আহত করেছে একদল যুবক।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 01:18 AM

Updated : 22 Aug 2022, 01:00 PM

পরিবারের অভিযোগ, এলাকায় যুবকদের মাদক সেবনের কথা জানিয়ে দেওয়ায় শিশুটিকে পেটানো হয়েছে।

মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের ১৪ বছরের শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের চিকিৎসক নুর-ই-ফেরদৌসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটিকে বেদম প্রহার করা হয়েছে। সে বুকের ভিতরে প্রচণ্ড ব্যথা পেয়েছে। তার চিকিৎসা চলছে।”

শিশুটির বাবা রোববার রাতে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন। তাতে মাসুদ, সুজন ও জনি নামে তিন যুবককে আসামি করা হয়েছে।

Image
লালমনিরহাট হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি

লালমনিরহাট হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি

সদর থানার এএসআই নুরল হক আহত শিশুটিকে দেখতে হাসপাতালে যান এবং থানায় লিখিত অভিযোগ করতে তার বাবাকে পরামর্শ দেন।

অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মামলায় বলা হয়, শনিবার বিকালে ওই স্থানীয় তিন যুবককে মাদক সেবনরত অবস্থায় দেখে শিশুটি তাদের অভিভাবককে জানিয়ে দেয়।

“এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা রোববার বিকালে ফুলগাছ বাজারে সাইকেল চালিয়ে যাওয়ার পথে শিশুটিকে আটকায়। ফুলগাছ কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে নিয়ে প্যান্টের বেল্ট দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। নির্যাতনের এক পর্যায়ে শিশুটি দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে ক্লিনিকের পাশের জঙ্গলে ফেলে দেয়।”

অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করে তার স্বজনরা।

খবর পেয়ে স্থানীয়রা ওই যুবকদের আটক করলেও তাদের অভিভাবকরা এসে ছাড়িয়ে নেন বলে শিশুটির পরিবারের অভিযোগ।

পুরনো খবর:

জামালপুরে স্কুল পালানোয় ছাত্রকে পিটিয়ে আহত