জামালপুরে স্কুল পালানোয় ছাত্রকে পিটিয়ে আহত
টিফিনের সময় স্কুল পালানোয় জামালপুরে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন একটি হাই স্কুলের প্রধান শিক্ষক।
জামালপুর সদরের হাজিপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন তুহিনকে রোববার পেটানো হয়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক এ কে এম সাজেদুল হক বলেছেন, শনিবার টিফিনের সময় শিক্ষার্থীরা স্কুল পালানোয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাস্তি দিতে নির্দেশ দিয়েছিলেন। তাই তিনি ছাত্রদের শাস্তি দিয়েছেন।
আহত শিক্ষার্থী তুহিনের বরাত দিয়ে তার বাবা আবুল হাশেম বলেন, শনিবার প্রচণ্ড গরমের কারণে টিফিনের সময় সাব্বির তার সহপাঠীদের সঙ্গে বাড়ি চলে আসে।
রোববার স্কুলে গেলে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের নির্দেশে তাদের রোদের মধ্যে কান ধরিয়ে স্কুল মাঠে ঘোরানো হয়।
“পরে এ নিয়ে ক্লাসে হাসাহাসি করায় পিটিয়ে সাব্বিরকে আহত করেন প্রধান শিক্ষক সাজেদুল। এ সময় সাব্বির জ্ঞান হারিয়ে ফেললে কয়েকজন সহকারী শিক্ষক মাথায় পানি ঢালে এবং ক্ষত স্থানে বরফ ও ওষুধ লাগিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।”
এ ঘটনার জন্য প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাব্বিরের বাবা আবুল হাশেম।
জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, এই ঘটনাটি তাকে কেউ অবহিত করেনি। এ বিষয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা নেবেন।
