২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মহাসড়কে চলছে ‘ফিটনেসবিহীন’ বাস

মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করার সুযোগে সিরাজগঞ্জে ফিটনেসবিহীন বাস চলাচলের খবর পাওয়া গেছে।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 06:47 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

পরিত্যক্ত অবস্থায় অনেকদিন পড়ে থাকা ওইসব বাসের বেশিরভাগেরই কাগজপত্র ঠিক নেই। বিআরটিএ এবং বাস মালিকরাও এসব কথা স্বীকার করেছেন।   

তবে, ফিটনেসবিহীন বাস চলাচল সম্পর্কে তেমন ধারণা নেই জানিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।

তিন চাকার যান চলাচলে সরকারি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের নলকা-হাটিকুমরুল, হাটিকুমরুল-বগুড়া ও হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক।

সংশ্লিষ্টরা জানান, সিরাজগঞ্জের ন্যাশনাল ট্রাভেলস্ বাসের মালিক ও সিএনজি অটোরিকশা বিক্রেতা ইসমাইল হোসেন ঢাকার দিলকুশা বাণিজ্যিক এলাকার উত্তরা মটরস্ লিমিটেড থেকে ট্যাক্স-টোকেন ও ফিটনেসবিহীন ৩৫টি পরিত্যক্ত গাড়ি নিলামে ক্রয় করে এনেছেন।

সরেজমিনে দেখা গেছে, শহরের বিড়ালাকুঠি (পুরাতন চালা বাস টার্মিনাল) এলাকায় ওইসব বাস রেখে সেগুলো মেরামত করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যেই রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন বেশকিছু বাস বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সয়দাবাদ ও কড্ডা মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর এবং সিরাজগঞ্জ শহরের বাস টার্মিনাল থেকে মহাসড়ক হয়ে রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া ও শাহজাদপুর রুটে নিয়মিত চলাচল শুরু করেছে।

এসব বাসে থাকা গ্যাস সিলিন্ডারগুলো নতুন করে রং দিয়ে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। 

ন্যাশনাল ট্রাভেলস্-এর মালিক ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি ঢাকা থেকে তিনি ৩৫টি ফিটনেসবিহীন বাস কিনে সিরাজগঞ্জ এনে মেরামত করছেন। এর মধ্যে ৫টির মেরামত শেষে ইতোমধ্যে সড়ক-মহাসড়কে নামানো হয়েছে।  

মেরামত চলছে এমন বাসের মধ্যে ঢাকা-মেট্রো-ব-১৪-১৪২৪ থেকে ২৬ পর্যন্ত এবং মুন্সিগঞ্জ-ব-১১-০০০১ থেকে মুন্সিগঞ্জ-ব-১১-০০২৯ পর্যন্ত নম্বরের রয়েছে ৩২টি, বলেন তিনি।

ইসমাইল হোসেন থেকে কিনে এমন একটি বাস রাস্তায় নামান সিরাজগঞ্জ বাস মিনিবিাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বাসটির নম্বর ঢাকা-মেট্রো-ব-১৪-১৪২৭ হলেও সেটি পরিবর্তন করে ঢাকা-মেট্রো-চ-৪২৪৯ লিখে নেওয়া হয়েছে।

ওই বাসের চালক বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটির মালিক ইসমাইল সাহেবের হলেও সিরাজগঞ্জ বাস মিনিবিাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি পুরাতন নম্বর প্লেট (ঢাকা-মেট্রো-ব-১৪-১৪২৭) বদলে নতুন নম্বর প্লেট (ঢাকা-মেট্রো-চ-৪২৪৯) লাগিয়ে রাস্তায় নামিয়েছেন।

সিরাজগঞ্জ বিআরটিএ অফিসের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন-লাইনে দেখা গেছে ঢাকা থেকে আনা এসব গাড়ির অধিকাংশই ফিটনেইবিহীন। ট্যাক্স টোকেনও মেয়াদ উর্ত্তীর্ণ। দুয়েকটি বাসের ফিটনেট থাকলেও ২০১১ সালের আগেই তার মেয়াদ অতিক্রম করেছে।”

পরিবর্তিত নম্বরের বিষয়ে তিনি বলেন, “অনলাইন রেজিস্টারে ঢাকা-মেট্রো-চ-৪২৪৯ নম্বরের হদিস মেলেনি।”

ন্যাশনাল ট্রাভেলসের মালিক ও সিএনজি অটোরিকশা বিক্রেতা ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার উত্তরা মটরস থেকে পুরাতন গাড়িগুলি টেন্ডারের মাধ্যমে কিনেছি। এগুলোর মালিকরা উত্তরা মটরস্-এর টাকা পরিশোধ করতে না পারায় গাড়িগুলো দীর্ঘদিন পড়ে থাকলেও এসবের কাগজপত্র ঠিক আছে।

“বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির কাছে যে বাসটি বিক্রি করেছি, সেটির প্রকৃত নম্বর এই মুহূর্তে মনে নেই।” 

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, মালিক সমিততে প্রায় ৩৫০টি বাস আছে। এরমধ্যে কাউন্টার ভিত্তিক ও দূরপাল্লার রুটে চলাচলকৃত প্রায় দেড়শতাধিক বাসের কাগজপত্র সঠিক রয়েছে। আর বাকিগুলোর কাগজপত্র সঠিক নেই।

“এগুলোকে অফিসিয়ালভাবে ফিটনেসবিহীন বলা হলেও ‘মেকানিক্যালভাব’ এগুলো ফিট।”

নম্বর প্লেট বদলের বিষয়ে তিনি বলেন, “অনেক সময় পুরাতন গাড়ি বিকল হয়ে পড়ে থাকায় সেগুলোর নম্বর প্লেট বদলে আমরা ব্যবহার করে থাকি। শুধু আমি না বাস মালিক সমিতির আরও অনেকেই একই কায়দায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে কয়েকটি বাস চালাচ্ছেন।”

অন্যান্য রুটেও এমন বাস আছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় ট্রাফিক পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন বা ট্যাক্স ও ইনসুরেন্সের মেয়াদ উত্তীর্ণ গাড়ি ধরার পর দীর্ঘদিন মালিক না পেয়ে ‘ডাম্পিং’ করে রেখে দেয়।

“মফস্বল শহরের কতিপয় বাস মালিক বা ব্যবসায়ী ওইসব গাড়ি পুরাতন লোহার দরে নিলামে কিনে এনে রং-চং করে চালানোর চেষ্টা করে।”

আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান থাকলে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সুযোগ পাবে না বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “দেশের যেকোনো প্রান্ত থেকেই বাস ক্রয় করা হোক না কেন, রাস্তায় চলাচল করতে গেলে স্থানীয় বিআরটিএ অফিসে সেগুলো এনডোর্স করাতে হবে।”

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টার আবেদ আলী বলেন, ঢাকা থেকে আনা ডাম্পিং এর বাস সিরাজগঞ্জে আনা হয়েছে কি-না, তা জানা নেই।

ফিটনেসবিহীন বাস প্রসঙ্গে তিনি বলেন, “মহাসড়কে ৩ চাকার যান বন্ধ হওয়ায় এমনিতেই ঝামেলায় আছি। এ অবস্থায় ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে অভিযান চালালে ঝামেলা আরও বাড়বে।”  

সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার বলেন, ঢাকা থেকে আনা ডাম্পিং ও ফিটনেসবিহীন বাস সর্ম্পকে তেমন ধারণা নেই। বিষয়টি  খতিয়ে দেখা হবে।