২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে পাস ৬৯.৬০%, পূর্ণ জিপিএ ৪৩ হাজার

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের ধাক্কা লেগেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 10:18 AM

Updated : 12 Oct 2022, 04:08 PM

পুরনো খবর:

অবরোধের মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু
সা‌র্বিক ফল ভা‌লো না হ‌লেও অংক, বিজ্ঞানে উন্নতি: মন্ত্রী
এসএসসিতে এবার অস্থিরতার সঙ্গে গণিতের ধাক্কা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ; ৭০ হাজার ৬০২ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ, অর্থাৎ ৫ এ ৫ পেয়েছিল।

ফল বিপর্যয়ের কারণ হিসেবে বছরের শুরুর হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, “এখা‌নে দুর্ভাগ্য, ‌বিএন‌পি-জামাত য‌দি আত্মঘাতীমূলক জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড না কর‌ত, পাসের হার আরও ভা‌লো হ‌তে পা‌রত।”

রোববার সকালে গণভবনে একটি ট্যাবের মাধ্যমে ফলাফলের ডিজিটাল অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাও এ সময় তার সঙ্গে ছিলেন।

নাহিদ বলেন, “ফলাফল সা‌র্বিকভা‌বে ভা‌লো না হ‌লেও অংক, বিজ্ঞান ও কা‌রিগ‌রি‌তে ভা‌লো ক‌রে‌ছে।”

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট  এবং নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ফল জানতে পারছেন।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৮৯ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ৪ লাখ ৪৯ হাজার ৫০৯ জন ছাত্রী।

পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্রীদের মধ্যে পাসের হার ৭০ দশমিক ২৩ শতাংশ, আর ছাত্রদের মধ্যে ৬৯ দশমিক ০৪ শতাংশ।

ছাত্রদের মধ্যে পূর্ণ জিপিএ পেয়েছে ২৩ হাজার ২৯৭ জন। আর এই কৃতিত্ব দেখিয়েছে ১৯ হাজার ৬০১ জন ছাত্রী।  

১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত এবার উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা চলে। এরপর ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

আট সাধারণ বোর্ডের অধীনে এবার এইচএসসিতে ৬৫ দশমিক ৮৪ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯০ দশমিক ১৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৫ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আট সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি রাজশাহী বোর্ডে, ৭৭ দশমিক ৫৪ শতাংশ। আর সবচেয়ে কম পাসের হার যশোর বোর্ডে, ৪৬ দশমিক ৪৫ শতাংশ।

এছাড়া ঢাকা বোর্ডে ৫৮ দশমিক ১৬ শতাংশ, সিলেট বোর্ডে ৭৪ দশমিক ৫৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৩ শতাংশ, বরিশাল বোর্ডে ৭০ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৫৯ দশমিক ৮০ শতাংশ ও চট্টগ্রাম বোর্ডে ৬৩ দশমিক ৪৯ শতাংশ পাস করেছে।

এবার বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রেরসহ মোট ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়েছে।

ফল জানা যাবে মোবাইলে

বরাবরের মতোই যে কোনো মোবাইল থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেওয়া হবে।

ফল পুনঃনিরীক্ষা

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ১০ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে বলে জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর-PIN) দেয়া হবে।

আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে।

যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।