২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানির জন্য চার ঘণ্টা চান অটোচালকরা

মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভের পর এবার জ্বালানি নেওয়ার সময় দুই ঘণ্টা থেকে বাড়িয়ে চার ঘণ্টা করার দাবি তুলেছেন চট্টগ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শনিবার সকালে চালকরা নগরীর সিটি গেইট এলাকায় অবস্থান নেন এবং পরে সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের সঙ্গে দেখা করে দাবি তুলে ধরেন।

বিষয়টি নিয়ে সাংসদ দিদারুলের কাছ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে পরে ফিরে যান তারা।

দুর্ঘটনা কমাতে গত ১ অগাস্ট থেকে মহাসড়কে সব ধরনের ধীরগতির ও তিন চাকার যান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা কার্যকর শুরুর পর থেকে বিভিন্ন সড়ক-মহাসড়কে বিক্ষোভ দেখাচ্ছেন চালক-মালিকরা।

চালকদের বক্তব্য, অধিকাংশ ফিলিং স্টেশন মহাসড়ক লাগোয়া বলে তাদের মহাসড়কে না গিয়ে উপায় নেই।

গত বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দেখতে গিয়ে মহাসড়ক সংলগ্ন ফিলিং স্টেশন থেকে গ্যাস সংগ্রহে দুই ঘণ্টা সময় বরাদ্দের ঘোষণা দেন মন্ত্রী ওবায়দুল কাদের। 

জ্বালানি সংগ্রহের সময় বাড়ানোর দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিটি গেইট এলাকায় অবস্থান নেন অটোরিকশার চালকরা।

তবে সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ।

পরে চালকরা একটি প্রতিনিধিদল সাংসদ দিদারুলের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন।

অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী বলেছেন ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত চালকরা মহাসড়ক সংলগ্ন ফিলিং স্টেশন থেকে গ্যাস নিতে পারবেন।

“কিন্তু চালকরা বলছেন এ সময়ের মধ্যে গ্যাস সংগ্রহ করে ফিরে যাওয়া সম্ভব না। তারা চার ঘণ্টা সময় চান। দাবির বিষয়টি জানাতে আমরা সংসদ সদস্যের বাড়িতে গিয়েছিলাম।”

সাংসদ দিদারুল আলম জানান, অটোরিকশার চালকরা জ্বালানি সংগ্রহের জন্য ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সময় চান।

“আমি বলেছি, এটা আমার এখতিয়ার নয়। মন্ত্রী মহোদয় এই ঘোষণা দিয়েছেন। দাবি বিষয়টি মন্ত্রীকে জানাব এবং তার সঙ্গে আলাপ করব। আলোচনা শেষে তারা চলে গেছেন।”

পুরনো খবর:

মহাসড়কে গ্যাস নিতে অটোরিকশার জন্য ২ ঘণ্টা