২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে গ্যাস নিতে অটোরিকশার জন্য ২ ঘণ্টা

মহাসড়ক সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো থেকে দিনের শুরুতে দুই ঘণ্টা গ্যাস নিতে পারবেন অটোরিকশা চালকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 04:28 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে চালকরা ‘খালি’ অটোরিকশা নিয়ে মহাসড়ক সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো থেকে গ্যাস নিতে পারবেন।

দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশের সব জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় চালকদের বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই মন্ত্রীর এ ঘোষণা এল।

বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দেখতে গিয়ে তিনি বলেন, “সিএনজি সংগ্রহে যাওয়ার সময় অটোরিকশায় যাত্রী থাকতে পারবে না। যে এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে, সেসব এলাকায় ফিলিং স্টেশন না থাকলে মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশন থেকে গ্যাস সংগ্রহে দুই ঘণ্টা সময় পাবে।”

অটোরিকশা, টেম্পোসহ কম গতির তিন চাকার যানবাহনকে মহাসড়কে দুর্ঘটনার জন্য দায়ী করে গত ১ অগাস্ট থেকে সারাদেশের এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে সরকার। এর পর থেকেই চালক-মালিকরা বিভিন্ন জেলায় সড়ক আটকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

অটোরিকশা চালকরা বলছেন, অধিকাংশ ফিলিং স্টেশন মহাসড়কে লাগোয়া বলে তাদের মহাসড়কে না গিয়ে উপায় নেই।

পুরনো খবর:

‘তিনচাকায়’ নিষেধাজ্ঞা: পৃথক লেন চায় অটোরিকশা চালকরা
মহাসড়কে অটোরিকশা বন্ধে অনড় মন্ত্রী
না বুঝেই আন্দোলন: সড়ক সচিব
নিষেধাজ্ঞায়ও মহাসড়কে ‘তিনচাকা’
মহাসড়ক আটকে অটোচালকদের বিক্ষোভ, সংঘর্ষ