‘তিনচাকায়’ নিষেধাজ্ঞা: পৃথক লেন চায় অটোরিকশা চালকরা
‘তিনচাকা’ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি সড়ক ও মহাসড়কে বিভাজক ও পৃথক লেন তৈরির আহ্বান জানিয়েছে অটোরিকশা ও টেম্পো চালক ও মালিকরা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় বাংলাদেশ অটোরিকশা-টেম্পো সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক এ দাবি জানান।
যান চলাচল নিরাপদ করতে এর পাশাপাশি আরও কয়েকটি দাবিও এসেছে ওই আলোচনায়।
গোলাম ফারুক বলেন, “দাবিগুলো সমগ্র চালক-মালিক-যাত্রী সাধারণের স্বার্থে। সবদিক বিবেচনা করে সরকার ১১ দফা দাবি অনতিবিলম্বে মেনে নেবেন। অন্যথায় শ্রমিক-মালিকগণ তাদের রুটি-রুজির প্রয়োজনেই আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে।
“দেয়ালে পিঠ ঠেকে গেলে আর কি আর করার থাকে। কাম্য না হলেও সরকার আমাদেরকে সে পথেই ঠেলে দিচ্ছে।”
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- ঢাকা মহানগরে চালকদের নামে বরাদ্দকৃত পাঁচ হাজার অটোরিকশা অনতিবিলম্বে রেজিস্ট্রেশন দেওয়া, সরকার নির্ধারিত জমা গ্রহণে মালিকদের বাধ্য করা, পুলিশ ও রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের নিয়োগপত্র দেওয়া ও দক্ষ চালক তৈরিতে সরকারি উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া, গাড়ি ছিনতাই ও শ্রমিক হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া এবং আঞ্চলিক পরিবহন কমিটিতে অটোরিকশা প্রতিনিধিদের রাখা প্রভৃতি।
সভায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, “আমাদের দেশে যে কোনো ইস্যুতে শুরুতেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়, তারপর আলোচনা হয়। সিএনজি অটোরিকশা বন্ধের ক্ষেত্রে এটা হয়েছে। এখন শ্রমিক আন্দোলনের পর আলোচনার কথা আসছে।”
তিনি বলেন, গবেষণায় দেখা গেছে ৪০ শতাংশ সড়ক দুর্ঘটনা হয় বাসস্ট্যান্ডে আর ২৯ শতাংশ হয় সড়কের পাশের বাজারের কারণে। অথচ সড়ক দুর্ঘটনার জন্য কেবল অটোরিকশাসহ ছোটো গাড়িগুলোকে দায়ী করা হয়।
“দেশে প্রায় দুই লাখ অটোরিকশা চলাচল করে। এতে মোট পুঁজি রয়েছে আট হাজার কোটি টাকা। এই খাতে বাৎসরিক টার্নওভার সাড়ে সাত হাজার কোটি টাকা। প্রায় ১৫ লাখ পরিবারের জীবিকা এর সঙ্গে সরাসরি জড়িত। হঠাৎ করে ছোটো গাড়িগুলোকে বন্ধ করে দিলে তাদের পেঠে লাথি মারা হবে।”
বাসে দুর্ভোগের কারণে যাত্রীরা ছোটো গাড়ির উপর নির্ভরশীল হয়েছেন মন্তব্য করে বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আজাহার বলেন, “মন্ত্রী-এমপিদের অনেকে বাস পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। এজন্য কারণে-অকারণে আমাদের আমাদের উপর অত্যাচার নেমে আসে।
“তিন চাকার গাড়ি ক্রমান্বয়ে উঠিয়ে দেওয়ার স্বার্থে আমরা স্বল্প খরচে চার চাকার গাড়ি দেওয়ার কথাও বলেছিলাম। বলেছিলাম, এটা করা হলে আমরা তিন চাকার গাড়ি উঠিয়ে নেব। তা না করা পর্যন্ত মহাসড়ক থেকে তিনচাকার গাড়ি কোনোভাবেই উঠবে না।”
সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সড়কে অচলাবস্থা, বিশৃঙ্খলা ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে মন্তব্য করে প্রকৌশলী ম. এনামুল হক বলেন, “আদালত ফিটনেসবিহীন গাড়ি উঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আদালতের দোহায় দিয়ে সরকার ছোটো গাড়িগুলোর উপর চড়াও হলো। এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আনতে আদালতকেই উদ্যোগী হতে হবে।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অটোরিকশা ও অটোটেম্পো সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবুল হোসেন, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) নেত্রী মঞ্জু রাণী প্রামাণিক, যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
