কিরণমালা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল সবুজ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ, যে আগের রাতে বাজারে টেলিভিশন দেখতে গিয়ে নিখোঁজ হয় বলে পরিবার জানিয়েছে।
শনিবার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বুল্লাই নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান।
নিহত সবুজ মিয়া (১৪) উপজেলার রণচন্ডি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে।
সবুজের মা সুরজন বেওয়া বলেন, শুক্রবার রাতে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার ‘কিরণমালা’ সিরিয়াল দেখার কথা বলে অবিলের বাজারে যায় তার ছেলে, রাতে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে দেখি সবুজের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে।
ওসি মোস্তাফিজার বলেন, বুল্লাই নদীর পাড়ে সবুজ মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সবুজকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় সবুজের মা সুরজন বেওয়া বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
