২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব প্রতিশ্রুতি পূরণ করবে ভারত: বিজেপি মুখপাত্র

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র বিজয় শঙ্কর শাস্ত্রী বলেছেন, স্থল সীমান্ত ‍চুক্তির মতো বাংলাদেশের সঙ্গে করা সব অঙ্গীকার পূরণ করবে তার দেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 09:26 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শুক্রবার রমনা কালী মন্দিরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভারত-বাংলাদেশের স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির মুখপাত্র বলেন, “এ রকম সমঝোতা বিশ্বের কোথাও হয় নাই, যে সমঝোতা ভারত-বাংলাদেশের মধ্যে হয়েছে।

“ভারত ১১১টা ছিটমহল বাংলাদেশকে দিয়েছে, ৫১টা ভারত পেয়েছে। অনেক নাগরিককে ভারতে যেতে হবে। এদের বোঝা বহন করার জন্যও ভারত সরকার তৈরি। কারণ ভারত সরকার চায়, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।”

দুই দেশের মধ্যে এখনও যেসব বিষয় অমীমাংসিত রয়েছে সেগুলোরও সমাধান হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “ভারত-বাংলাদেশের মধ্যে যা সমস্যা আছে, তা সমাধান হবে। আমি ভারত-বাংলাদেশের আগামী দেখতে পাচ্ছি। বাংলাদেশের সঙ্গে ভারতের অন্য সব অঙ্গীকার ধীরে ধীরে পূরণ হবে।”

সভায় বক্তব্যে বাংলাদেশে হিন্দুদের নানা সমস্যা তুলে ধরেন সম্প্রদায়টির নেতারা।

সে বিষয়ে বিজয় শঙ্কর শাস্ত্রী বলেন, “হিন্দু সম্প্রদায়ের সমস্যা সরকারকে বুঝতে হবে। সরকারের উচিত সব নাগরিককে সমান চোখে দেখা। এটা আদর্শ সরকারের দায়িত্ব।”

শেখ হাসিনার নেতৃ্ত্বাধীন বর্তমান সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সমস্যা সমাধানের চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, “আপনাদেরকে আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সম্পাদক প্রশান্ত হরতালকার বলেন, “নির্যাতনের সমাধান বাংলাদেশ ত্যাগে নয়, এখন সময় প্রতিরোধের। এই নীতি নিতে হবে-‘এটা আমার দেশ, এখানেই আমি থাকব।’

“নির্যাতন হলে যদি আপনারা ভারতে চলে যান, তাহলে মালয়েশিয়া, জার্মান, সৌদি আরবের হিন্দু কোথায় যাবে?”

কিশোর কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারতের হিন্দুস্থান সমাচারের পরিচালক শ্রীরাম যোশী বক্তব্য দেন।

পুরনো খবর:

ঢাকায় বিজেপি মুখপাত্রের অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট