ব্যাংকক পৌঁছেছেন রাষ্ট্রপতি
ভিয়েতনামে চার দিনের সফরের পথে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টায় রাষ্ট্রপতি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক ব্মিানবন্দরে পৌঁছান বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।
থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রোববার ব্যাংকক থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে দেশটিতে চার দিনের সফরে যাচ্ছেন তিনি। স্ত্রী রাশিদা খানমও এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
এর আগে সকালে তারা ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোম্যাটিক কোরের ডিন রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
ব্যাংককে যাওয়ার পথে বিমানে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
ভিয়েতনামে পৌঁছে ১০ অগাস্ট দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। একই দিনে ট্রুং তান সাংয়ের দেওয়া নৈশ ভোজেও তিনি অংশ নেবেন।
এছাড়া ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের সাবেক স্পিকার আবদুল হামিদ ভিয়েতনামের পার্লামেন্টও পরিদর্শন করবেন।
ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি হাউজের চেয়ারম্যান নগুয়েন সিন হাং, দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, হো-চি-মিন সিটি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের সঙ্গেও আবদুল হামিদের সাক্ষাতের সূচি রয়েছে।
হো-চি-মিন সিটিতে বসবাসরত বাংলাদেশিরাও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন বলে তার প্রেস সচিব জানান।
সফর শেষে আগামী ১৩ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
