ভিয়েতনাম সফরে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি
ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে দেশটিতে চার দিনের সফরে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ভিয়েতনাম পৌঁছানোর আগে ব্যাংককে যাত্রা বিরতি করবেন তিনি। স্ত্রী রাশিদা খানমও এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোম্যাটিক কোরের ডিন রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে ভিয়েতনামের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির বাণিজ্যিক সম্পর্ক রাষ্ট্রপতির সফরে আরও জোরদার হবে।”
ভিয়েতনামে পৌঁছে ১০ অগাস্ট দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। একই দিনে ট্রুং তান সাংয়ের দেওয়া নৈশ ভোজেও তিনি অংশ নেবেন।
এছাড়া ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের সাবেক স্পিকার আবদুল হামিদ ভিয়েতনামের পার্লামেন্টও পরিদর্শন করবেন।
ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি হাউজের চেয়ারম্যান নগুয়েন সিন হাং, দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, হো-চি-মিন সিটি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের সঙ্গেও আবদুল হামিদের সাক্ষাতের সূচি রয়েছে।
হো-চি-মিন সিটিতে বসবাসরত বাংলাদেশিরাও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন বলে তার প্রেস সচিব জানান।
সফর শেষে আগামী ১৩ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
