বন্যা: মিয়ানমারে কোটি টাকার ত্রাণ পাঠাল বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিবেশী মিয়ানমারের বন্যা দুর্গতদের জন্য এক কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঢাকা থেকে রওনা হয়েছে একটি লরি।
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেড় টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে লরিটি রওনা হওয়ার সময় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি, এসব সামগ্রী মিয়ানমারের মানুষের জীবন রক্ষায় সাহায্য করবে।”
ঔষুধ, পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জীবন রক্ষাকারী এসব সামগ্রী শনিবার মিয়ানমার পৌঁছাবে বলে জানান তিনি।
কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিলে গত ৪ অগাস্ট আন্তর্জাতিক ত্রাণ সহায়তার আবেদন জানায় মিয়ানমার। দুই লাখ ১০ হাজার বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্য, অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণের সামগ্রী ও কাপড় সহায়তা চায় দেশটি।
দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহের বন্যায় আড়াই লাখের বেশি মানুষ সেখানে পানিবন্দি হয়ে পড়েছে। ৬ অগাস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ জনের।
মূখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, “মিয়ানমারের চাহিদা অনুযায়ী প্রথম দফায় এসব সামগ্রী পাঠানো হল, অন্যান্য সহায়তাও পাঠানো হবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সমুদ্র বিষয়ক) খুরশেদ আলম, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ঔষধাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
