২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নফাঁসে ঢাকায় তিন শিক্ষক গ্রেপ্তার, খোঁজা হচ্ছে অধ্যক্ষকে

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকার ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজের তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ, গ্রেপ্তারের চেষ্টা চলছে অধ্যক্ষকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2015, 11:20 AM

Updated : 22 Aug 2022, 12:55 PM

রোববার রাতে তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তারা হলেন- নাজমুল, হাসান ও কামরুল। তিন শিক্ষককে সোমবার সাংবাদিকদের সামনে আনে পুলিশ।

ফেইসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার রায়হান চৌধুরী নামে এক ব্যক্তির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “কলেজটির অধ্যক্ষ শামীম সিকদার প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা। পরীক্ষার দুই ঘণ্টা আগে তিনি নিজে নির্দেশ দিয়ে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করতে শিক্ষকদের বলতেন বলে তথ্য পাওয়া গেছে।”

শামীমকে এখনও ধরা না গেলেও অনুসন্ধান চলছে বলে জানান তিনি।

ফেইসবুকে যোগাযোগ করে প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এর আগে গত ৬ জুলাই রাজধানীতে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত বছর এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ব্যাপক অভিযোগের মধ্যে একটি বিষয়ের পরীক্ষা দ্বিতীয়বার নিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। আগের রাতে ফেইসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায় প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসিতেও।

এ বছরও এইচএসসির হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার আগের রাতে ফেইসবুকে ফাঁস হওয়া নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসে, যা পরে পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়।

পুরনো খবর:

‘প্রশ্ন ফাঁস চক্রের’ ৬ সদস্য গ্রেপ্তার