২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিমুখী পণ্য চিহ্নিত করতে নির্দেশনা ডিসিদের

রপ্তানিমুখী পণ্যের সংখ্যা বাড়াতে জেলাভিত্তিক একটি করে পণ্য চিহ্নিত করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2015, 11:01 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

অন্যদিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে বিভিন্ন জেলায় খালি শিল্প প্লটগুলো যথাযথভাবে বরাদ্দে সরকারের নির্দেশনা চেয়েছেন জেলা প্রশাসকরা।

বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণারয় সম্পর্কিত কার্য অধিবেশনও হয়।

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এক জেলা এক পণ্য- এ নীতির আলোকে জেলা প্রশাসকদের তাদের জেলায় একটি রপ্তানিযোগ্য পণ্য চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই পণ্যটিকে সরকার নার্সিং করবে।”

গত দুই বছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এবং খাদ্যপণ্যকে ফরমালিনমুক্ত রাখতে জেলা প্রশাসকদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সহায়তায় সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর শিল্পমন্ত্রী আমু সাংবাদিকদের বলেন, “জেলা প্রশাসকরা দেশের বিভিন্ন জেলায় বিদ্যমান খালি শিল্প প্লট যথাযথ বরাদ্দের বিষয়ে আমার নির্দেশনা চেয়েছেন।

“এছাড়া কোন জেলার কোথায় কী ধরনের শিল্প কারখানা গড়ে তোলা উচিত, সে বিষয়েও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন।”  

“জেলা প্রশাসকদের বক্তব্যের জবাবে আমি বলেছি যে, খালি শিল্প প্লটের বিষয়টি সরকারের নজরে রয়েছে। এগুলো বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে,” বলেন মন্ত্রী।