রাজধানীতে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও এলাকায় একটি টিনশেড ঘর থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রেহানা বেগম (২৮) নামে ওই পোশাক শ্রমিক নন্দীপাড়ার ‘সিসিলি গার্মেন্টসে’ কাজ করতেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার ৩ নম্বর সড়কের ওই ঘর থেকে লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে তার স্বামী মোহাম্মদ আলীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সবুজবাগ থানার এসআই মো. কামাল উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর কারণ জানতে তার স্বামী মোহাম্মদ আলীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
দুই মাস আগে রেহানা ও তার দ্বিতীয় স্বামী স্থানীয় হাজি আলাউদ্দিনের টিনশেড ঘরটি ১৬শ টাকায় ভাড়া নিয়েছিলেন।
ঘটনার সময় স্বামী মোহাম্মদ আলী একই ঘরে ঘুমিয়ে ছিলেন বলেও জানান পুলিশ কর্মকর্তা কামাল।
