শিমুলিয়া-কাওড়াকান্দি ছোট নৌযান চলছে না
বৈরী আবহাওয়ায় পদ্মার প্রবল ঢেউ ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।
রোববার দুপুরে শিমুলিয়া ও কাওড়াকান্দি থেকে এসব ছোট নৌযান বন্ধ করে দেওয়া হয়।
সোমবারও শিমুলিয়া ঘাট থেকে এসব নৌযান ছেড়ে যায়নি এবং কাওড়াকান্দি থেকেও ছেড়ে আসেনি।
তবে ডাম্প ফেরিসহ সকল ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তিনটি রোরো ফেরিসহ ১৪টি ফেরি দিয়ে পারাপার চলছে।
লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতেই যাত্রী পারাপার চলছে। তাই ফেরিতে ভিড় বেশি হচ্ছে।
দুপুরে শিমুলিয়া ও কাওড়াকান্দিতে বেশকিছু বাস ও ট্রাকসহ বিভিন্ন যান পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
শিমুলিয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল। প্রবল ঢেউ ও তীব্র স্রোত রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে উভয়ঘাট থেকে লঞ্চ, সিবোট, ট্রলারসহ ছোট ছোট নৌযানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বন্ধ রাখা নৌযান চালু করা হবে বলে জানান তিনি।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুল হালিম জানান, ডাম্প ফেরিসহ ১৪টি ফেরিতেই স্বাভাবিক যানবাহন ও মানুষ পারাপার হচ্ছে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুস আলী জানান, লঞ্চ, স্টিডবোট ও ট্রলার চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ পারাপার বিঘ্নিত হচ্ছে। এখন ফেরিত পদ্মা পাড়ি দিতে হচ্ছে যাত্রী সাধারণের।
কিছু যান পারাপারের অপেক্ষায় থাকলেও যানজট নেই বলে জানান তিনি।
