২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়ান গার্মেন্ট শ্রমিকদের কথা ‘ভাবছে’ সরকার

বন্ধ থাকা সোয়ান গ্রুপের শ্রমিকদের সাহায্য করার বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 08:02 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

পাওনা চেয়ে ঈদের আগে ঢাকার এই কারখানার দেড় হাজার শ্রমিকের আন্দোলনের প্রেক্ষাপটে রোববার সচিবালয়ে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “সোয়ান পোশাক কারখানার শ্রমিকদের মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্য করা যায় কি না, তা খতিয়ে দেখছে সরকার।”

এক মালিক মারা যাওয়ার পর বন্ধ হয়ে যায় সোয়ান গ্রুপের দুটি কারখানা সোয়ান গার্মেন্ট প্রাইভেট লিমিটেড ও সোয়ান জিন্স লিমিটেড গত এপ্রিলে বন্ধ হয়ে যায়। এতে ১৩০০ শ্রমিক পরিবার-পরিজন নিয়ে বিপদে পড়েন।

পাওনা দাবিতে ঈদের আগে এই কারখানার শ্রমিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা কয়েকটি অবস্থান কর্মসূচি পালন করলেও কোনো ফল পাননি।

কোথা থেকে সোয়ান গার্মেন্টের শ্রমিকদের এই সাহায্য দেওয়া যেতে পারে- এ প্রশ্নে প্রতিমন্ত্রী কিছু না বললেও উপস্থিত এক শ্রমিক নেতা বলেন, “শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সহায়তা দেওয়া যেতে পারে।”

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতীয় শ্রমিক লীগের জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, কা‌র্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন উপস্থিত ছিলেন।

Image
বকেয়া আদায় ও কারখানা খুলে দেওয়ার আগে ঈদের আগে অবস্থানে সোয়ান গার্মেন্টের শ্রমিকরা (ফাইল ছবি)

বকেয়া আদায় ও কারখানা খুলে দেওয়ার আগে ঈদের আগে অবস্থানে সোয়ান গার্মেন্টের শ্রমিকরা (ফাইল ছবি)

সোয়ান গ্রুপের কারখানা চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এজন্য মহা-পরিদর্শক (কল ও কারখানা) সৈয়দ আহমেদকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি কমিটি করা হয়েছে।

সৈয়দ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ জুলাই কমিটি গঠনের পর তারা ২৩ জুলাই একটি সভাও করেছেন।

কাজের অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “মালিক মারা গেছেন, অন্য মালিকরা কারখানাটি বন্ধ করে দিয়েছেন। বিষয়টি জটিল। কমিটি আইনি দিক বিবেচনা করেই অগ্রসর হচ্ছে।”

সোয়ান গার্মেন্টেরটি বাদে এবার ঈদে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস না পাওয়ার কোনো অভিযোগ আসেনি বলে জানান চুন্নু।

“এ বছরের ঈদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পোশাক শ্রমিকরা ঠিকমতো ঈদ উদযাপন করতে পেরেছেন।”

পুরনো খবর:

সোয়ান গার্মেন্টের শ্রমিকদের অবস্থান কর্মসূচি চলছে